জামায়াতের ইফতার পার্টিতে প্রধান অতিথি খালেদা


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ জুন ২০১৫

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার পার্টিতে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা থাকলেও পার্টিতে বিলম্বে যোগ দেয়ায় তা সম্ভব হয়নি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে ওই ইফতার পার্টির আয়োজন করা হয়। যানজটে আটকে পড়ার কারণে ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট পরে পার্টিস্থলে এসে পৌঁছান খালেদা জিয়া।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্র কবর দিয়েছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে।

সরকারকে জালিম আখ্যা দিয়ে  অধ্যাপক মজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে নিঃশেষ করার জন্য সরকার সকল প্রকার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের সব ষড়যন্ত্র মোকাবেলা করেই জামায়াত আজ গণমানুষের দলে পরিণত হয়েছে।

যুদ্ধাপরাধের প্রসঙ্গ টেনে জামায়াতের নায়েবে আমির আরও বলেন, সরকার রাজনৈতিক কারণেই এই বিচার করছে। পরিকল্পিভাবে আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে হত্যা করেছে সরকার।

ইফতার পার্টিতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী ও বিশিষ্ট্য নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএসএস/একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।