খালেদা বিএনপি ছাড়লেও জামায়াত ছাড়বেন না : হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিজ দল বিএনপি ছাড়তে পারেন কিন্তু জামায়াত ছাড়বেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক ওই সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরাজিত সৈনিক বলে আখ্যায়িত করেন হাছান মাহমুদ। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, মিথ্যা কথার উপর যদি পুরস্কার দেওয়া যেত তবে খালেদা জিয়া প্রথম পুরস্কার পেতেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বৃহস্পতিবার খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে গিয়েছেন। ইফতারের পর তিনি সেখানে গিয়ে হাজির হন। যুদ্ধাপরাধীদের সহযোগী ও যুদ্ধাপরাধীদের পাশে গিয়ে তিনি বলেছেন, বুঝিয়েছেন যে তিনি তাদের পাশে আছেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আপনাকে প্রকাশ্যে জামায়াত ছাড়ার কথা বলেছেন। সমগ্রপৃথিবী আপনাকে জামায়াত ছাড়ার কথা বলেছে। আপনার দলের নেতারাও জামায়াত ছাড়ার কথা বলছেন। এরপরও আপনি যখন জামায়াতের পাশে গিয়ে বসেন তখন মনে হয় আপনি বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।
দেশ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশ নাকি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে। আসলে খালেদা জিয়া চান না যে পুলিশ পেট্রোলবোমাবাজদের গ্রেফতার করুক। এ জন্য তিনি এমন কথা বলছেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোর্দ্দার, এম এ করিম, শাহজাহান আলম সাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমূখ।
এএসএস/এআরএস/এমএস