রাজধানীতে আ. লীগের সাবেক এমপির ভাগ্নে খুন


প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৭ জুন ২০১৫

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক এমপি নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড গলিতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল জাগো নিউজকে জানান, রাত আনুমানিক পৌনে একটায় সেন্ট্রাল রোড গলি দিয়ে ওবায়দুল হক রিকশাযোগে উত্তর সার্কুলার রোডের নিজ বাসায় (৫৭ নং বাড়ি) যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলযোগে আসা ৩ দুর্বৃত্ত তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওবায়দুল হককে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

নিহত ওবায়দুল হকের সহকর্মী অরুন রতন রায় জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক এমপি নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক। তিনি বসুন্ধরা সিটিতে সানোয়ার গ্রুপের কোয়ালিটি আইসক্রিম প্রতিষ্ঠানের ম্যানেজার। রাতে কাজ শেষে সার্কুলার রোডের নিজ বাসায় ফিরছিলেন তিনি।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।