মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় ওয়ার্কার্স পার্টির সন্তুষ্টি
বঙ্গবন্ধুর পলাতক খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের পরে খুনি মোস্তাক ইনডেমনিটি আইনে এই হত্যার বিচারকার্য বন্ধ রেখেছিল যা পরবর্তীতে জিয়াউর রহমান সংবিধানে রূপ দেয়। এ ধরনের বিচার না হওয়াই দেশে যে বিচারহীনতার সংস্কৃতিক গড়ে উঠেছিল তা খুনিদের সাহস যুগিয়েছে। এটা আনন্দের যে, শেষ পর্যন্ত এই খুনিদের বিচার হয়েছে এবং তাদের ফাঁসি কার্যকর হয়েছে।
মেনন বলেন, যারা এখনও পলাতক তাদের দেশে এনে ফাঁসি দিতে হবে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সিটিটিসি। এরপর মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এইউএ/এএইচ/পিআর