ঈশিকার আকদ সম্পন্ন


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৯ মার্চ ২০১৬

ছোট পর্দার প্রিয়মুখ ঈশিকা বিয়ে করছেন এটা পুরোনো খবর। নতুন খবর হলো গেল সোমবার, ২৮ মার্চ কায়সার খানের সঙ্গে তার আকদ সম্পন্ন হয়েছে। এখন থেকে ঈশিকা মিসেস খান।

বিষয়টি নিজেই নিশ্চিত করে ঈশিকা আজ মঙ্গলবার, ২৯ মার্চ নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কায়সার খানকে বিয়ে করেছি। সফল আকদ ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ধন্যবাদ আমার বন্ধু ও পরিবারকে।’ এই স্ট্যাটাসের পরপরই তিনি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিবাহিত উল্লেখ করেছেন।

এদিকে ঈশিকা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ‘এখন থেকে আমি দুটি পরিবারের সদস্য। একটি আমার বাবার, অন্যটি শশুরবাড়ির। খুব ভালো লাগছে। আমি সৌভাগ্যবান যে কায়সারের মতো ভালো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আর তার পরিবারের মানুষেরাও আমাকে খুব আপন করে কাছে টেনে নিয়েছেন। সবাই দোয়া করবেন আমার সুখী দাম্পত্য জীবনের জন্য।’

ঈশিকা জানান, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ২৭ নম্বরে লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খানের সঙ্গে ঈশিকার আকদ হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা ছিলেন। এরপর ঈশিকার বাসাতেই মেহেদি অনুষ্ঠান হয়েছে।

আগামীকাল বুধবার, ৩০ মার্চ ঈশিকার গায়ে হলুদ অনুষ্ঠান হবে রাজধানীর মিরপুরে। আগামী ৩ এপ্রিল গলফ গার্ডেনে হবে বিবাহোত্তর সংবর্ধনা।

স্বামী লন্ডন প্রবাসী বলে বিয়ের পর ঈশিকাকে উড়াল দিতে হবে লন্ডনে। সেখানে তার শশুরবাড়ির পক্ষ থেকে বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।