শুরু হচ্ছে তিন দিনব্যাপী পার্বত্য সংস্কৃতি মেলা
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য সংস্কৃতির সংরক্ষণ, উন্নয়ন, বিকাশ ও প্রসারের লক্ষ্যে তিন দিনব্যাপী পার্বত্য সংস্কৃতি মেলা শুরু হচ্ছে।
‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় দ্বিতীয়বারের মত রাঙ্গামাটিতে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার, ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে মেলা। চলবে ১ ও ২ এপ্রিল পর্যন্ত। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী ‘পার্বত্য সংস্কৃতি মেলা-২০১৬’ উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য রাঙ্গামাটির সংসদ সদস্য শ্রী ঊষাতন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিসেস সান্তনা চাকমা এবং সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা।
উদ্বোধনী শেষে থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহার্য ঐতিহ্যবাহী সামগ্রীর স্টল, আলোকচিত্র, বেইন ও হস্তশিল্প বুনন প্রদর্শনী পরিদর্শন। এবং সন্ধ্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিনের অনুষ্ঠান বেলা ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
এলএ/পিআর