নিয়ম ভেঙে গভীরে নামাই কাল হলো ৫ ইতালীয় পর্যটকের

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৬ মে ২০২৬
ছবি-সংগৃহীত

মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথায় স্কুবা ডাইভিং করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ ইতালীয় পর্যটকের মধ্যে একজনকে ৬০ মিটার গভীর পানির নিচের একটি গুহা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) জানিয়েছে, বাকি চারজনও ওই গুহার ভেতরে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে। নিখোঁজদের খোঁজে অভিযান চালানোর সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে অনুসন্ধানকারী ডুবুরিরা প্রথম মরদেহটি খুঁজে পান। পরে মরদেহটি দেশটির ফুলিধু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

এমএনডিএফ জানায়, গুহাটি প্রায় ২০০ ফুট দীর্ঘ এবং উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত ডুবুরি ও বিশেষ সরঞ্জাম পাঠানো হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোস্ট গার্ডের জাহাজ ‌‘গাজী’ ঘটনাস্থলে অবস্থান করবে।

এদিকে সংবাদ সংস্থা এএফপির বরাতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ ইতালীয় নাগরিকই নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৫০ মিটার গভীর একটি পানির নিচের গুহা অনুসন্ধানের সময় এ দুর্ঘটনা ঘটে।

মালদ্বীপে বিনোদনমূলক স্কুবা ডাইভিংয়ের জন্য সাধারণত সর্বোচ্চ ৩০ মিটার গভীর পর্যন্ত ডুব দেওয়ার অনুমতি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পর্যটকরা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি গভীরে প্রবেশ করেছিলেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]