মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে হাইকমিশনের উদ্যোগ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৮ মে ২০২৬
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল সম্প্রতি দুটি ইমিগ্রেশন ডিটেনশন ডিপো পরিদর্শন করেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ৫ মে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সেলাঙ্গর অঙ্গরাজ্যের সেমেনিয়িহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপো পরিদর্শন করে।

এ সময় প্রতিনিধি দল সেখানে আটক ২৫ জন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে। পাশাপাশি অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও ট্রাভেল পারমিট সংক্রান্ত সেবা দেওয়া হয়।

jagonews24

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা আটক ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় কাগজপত্র ও দেশে ফেরত যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। অনেকের পরিচয় যাচাই ও ভ্রমণ সংক্রান্ত নথি প্রস্তুতের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানা গেছে।

এদিকে, গত ৭ মে বাংলাদেশ হাইকমিশনের আরেকটি প্রতিনিধি দল ডিপো ইমিগ্রেসেন বেরানাং পরিদর্শন করে। সেখানে আটক ১৯ জন বাংলাদেশি নাগরিকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। একইসঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় কনস্যুলার ও ট্রাভেল পারমিট সংক্রান্ত সেবা দেওয়া হয়।

jagonews24

হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা এবং বৈধ প্রক্রিয়ায় দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়া আটক ব্যক্তিদের মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে হাইকমিশন সূত্রে উল্লেখ করা হয়েছে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]