সাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৮ মে ২০২৬
ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা/ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তে আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (বিশেষ অনু. ও তদন্ত-৩) এ কে এম মর্তুজা আলী সাগর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসাধু উপায়ে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নাদিরা মাহমুদের আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র জব্দের অনুমতি চাওয়া হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট নথি জব্দের আদেশ দেন।

২০২৫ সালের ৮ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়।

এমডিএএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।