রমজানে নতুন রেকর্ড, একদিনে ৯ লক্ষাধিক মানুষের ওমরাহ পালন

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০১ মার্চ ২০২৬
কাবা ও মসজিদুল হারাম ছবি: পিক্সেলস

চলতি রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার তথ্য জানিয়েছে সৌদি আরব। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর (১৪৪৭ হিজরি, ২০২৬ খ্রিষ্টাব্দ) গত ৪ রমজান মোতাবেক ২১ ফেব্রুয়ারি একদিনেই বিভিন্ন দেশ থেকে আগত মোট ৯ লাখ ৪ হাজার ওমরাহযাত্রী ওমরাহ পালন করেছেন।

এই সংখ্যার মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর (১৪৪৭ হিজরি, ২০২৫ খ্রিষ্টাব্দ) ৭ রমজান মোতাবেক ৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে প্রায় দ্বিগুণ মানুষ এবার একসাথে ওমরাহ পালন করলেন।

রমজান মাসে ওমরাহযাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে প্রধান হলো কাবার ঠিক চারপাশের উন্মুক্ত সাদা মার্বেল পাথরের এলাকা বা 'মাতাফ'। এই অংশটি দিনরাত ২৪ ঘণ্টাই শুধুমাত্র ওমরাহ পালনকারীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সাধারণ নামাজি বা দর্শনার্থীদের এই এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মসজিদুল হারামের চারপাশের ট্রাফিক ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় অননুমোদিত মোটরসাইকেল, সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত স্থানে গাড়ি পার্ক না করলে তা সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর এবং মক্কার ভেতরে ও বাইরে মোট ১৪টি পার্কিং জোন থেকে সরকারি বাসের মাধ্যমে মুসল্লিদের আনা-নেওয়া করা হচ্ছে। মসজিদের প্রধান প্রবেশপথ ও করিডোরগুলোতে ভিড় করা বা বসে থাকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ করে শুক্রবারের জুমার নামাজ এবং প্রতিদিন মাগরিব, ইশা ও তারাবি নামাজের সময় ভিড় কয়েক গুণ বেড়ে যায়। এ সময় প্রধান মসজিদে জায়গা না পেলে মুসল্লিদের বাইরের চত্বর কিংবা নিকটস্থ অনুমোদিত মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।