ইতেকাফ রমজানের গুরুত্বপূর্ণ আমল: শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৬ মার্চ ২০২৬
শায়খ আহমাদুল্লাহ

রমজানের শেষ দশকের ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল উল্লেখ করে আমলটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন:

“যে আমলটি রাসুল (সা.) জীবনে কখনো ছাড়েননি, সেই আমলটি অধিকাংশ মানুষ আমরা জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম ইতিকাফ।

সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ অত্যন্ত বিক্ষিপ্ত। ফেসবুকের রিলসের মতোই আমাদের ভাবনাগুলো ক্রমাগত দৌড়াতে থাকে। মনোযোগ দিয়ে কোনো লেখা পড়ার, কিংবা কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ আমাদের হয় না।

এ কারণে দু রাকাত নামাজও পূর্ণ মনোযোগ দিয়ে খুব কম মানুষই আমরা পড়তে পারছি। এই চরম অস্থিরতা থেকে নিজেকে খুঁজে পেতে ইতেকাফ এক অনন্য মাধ্যম হতে পারে।

ইতেকাফ এসব দুনিয়াবি ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে একান্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এই ইবাদতটি মূলত নিজের গুনাহ, আখেরাত এবং মহান রবের সঙ্গে সম্পর্ক গভীরভাবে উপলব্ধির এমন সুযোগ, যা জীবনে খুব কমই আসে।

সিয়াম যেমন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ইতেকাফ তেমনি আমাদের আত্মাকে আল্লাহর ঘরে বেঁধে ফেলে আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যায়। এটি রাসুলের (সা.) এক গুরুত্বপূর্ণ সুন্নত ও তার জীবন্ত আদর্শ, যা রমজানের ইবাদতকে পূর্ণতা দান করে।”

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।