নতুন কেনা স্বর্ণের জাকাত দিতে হবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ০৯ মার্চ ২০২৬
নতুন কেনা স্বর্ণের জাকাত দিতে হবে কি? ছবি:

প্রশ্ন: আমি প্রতি বছর রমজানে জাকাত আদায় করি। গত বছর রমজানে আমার কাছে ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিল। আমি ৯ ভরি স্বর্ণের জাকাত আদায় করেছি। গত প্রায় পুরো বছর আমি শুধু এই ৯ ভরি স্বর্ণেরই মালিক ছিলাম। রমজানের কিছুদিন আগে আমি আরও দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ক্রয় করি। ফলে এখন আমার মালিকানায় ১১ ভরি স্বর্ণ রয়েছে। এ বছর আমি কি ৯ ভরি স্বর্ণের জাকাত দেব নাকি ১১ ভরির?

উত্তর: সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর তার সমুদয় বর্ধনশীল সম্পত্তির জাকাত দেওয়া ফরজ। কেউ এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে সে সম্পদশালী প্রমাণিত হয়।

কোনো মুসলমান ব্যক্তি যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেদিন থেকেই জাকাতের বর্ষগণনা শুরু হবে। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকবে, সেগুলো বছর শুরু হওয়ার আগে, শুরুতে, মধ্যভাগে বা বছরের শেষে অর্জিত হতে পারে, তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ জাকাত হিসেবে দান করে দিতে হয়।

আপনি যেহেতু প্রতি বছর রমজানে জাকাত আদায় করেন, আপনি হিসাব করবেন আপনার জাকাতবর্ষ পূর্ণ হওয়ার দিনে আপনি কী পরিমাণ স্বর্ণ ও অন্যান্য সম্পদের মালিক ছিলেন। আপনি যদি প্রতি রমজানের প্রথম দিন জাকাতের হিসাব করে থাকেন, তাহলে রমজানের ১ তারিখে আপনার কাছে যত সম্পদ ছিল পুরোটারই হিসাব করতে হবে। আপনার কাছে যদি ওই দিন ১১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার থেকে থাকে, তাহলে ১১ ভরি স্বর্ণেরই জাকাত আদায় করবেন যদি আপনি তা রমজানের কয়েকদিন আগেও কিনে থাকেন। কারণ জাকাত ফরজ হয় এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে, কিন্তু জাকাত দেওয়ার সময় অর্থাৎ জাকাতবর্ষ পূর্ণ হয়ে গেলে মালিকানায় থাকা সমুদয় সম্পদেরই জাকাত দিতে হয়, শুধু এক বছর ধরে মালিক থাকা সম্পদের নয়।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।