মক্কার সাধারণ মসজিদে নামাজ পড়লে কি বিশেষ সওয়াব পাওয়া যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
মক্কার সাধারণ মসজিদে নামাজ পড়লে কি বিশেষ সওয়াব পাওয়া যাবে? ছবি: পিক্সাবে

প্রশ্ন: মসজিদুল হারামে নামাজ আদায় করলে প্রতি রাকাতে এক লক্ষ রাকাত আদায়ের সওয়াব লাভ হয় বলে জানি। প্রশ্ন হলো, এই সওয়াব কি শুধু মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য? হারাম এলাকার অন্যান্য মসজিদে মসজিদে বা হোটেলে নামাজ আদায় করলে কি এই সওয়াব পাওয়া যাবে?

উত্তর: মসজিদুল হারামে নামাজ আদায়ের বিশেষ ফজিলত বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে এসেছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) বলেছেন, আমার এ মসজিদের নামাজ মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদের এক হাজার নামাজের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। অন্যান্য মসজিদের নামাজের তুলনায় মাসজিদুল হারামের নামাজ এক লক্ষ গুণ বেশি ফজিলতপূর্ণ। (সুনানে ইবনে মাজা ১৪০৬, মুসনাদে আহমাদ: ১৪৬৯৪)

এই ফজিলত শুধু মসজিদুল হারামের ক্ষেত্রে নাকি পুরো হারাম এলাকার ক্ষেত্রে প্রযোজ্য এ ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ আছে।

হানাফি, মালেকি ও শাফেঈ মাজহাবের প্রসিদ্ধ মত হলো, পুরো হারাম অঞ্চলের ক্ষেত্রেই এই ফজিলত প্রযোজ্য। হারামের সীমার ভেতরে অবস্থিত সাধারণ মসজিদগুলোসহ যে কোনো জায়গায় নামাজ আদায় করলে এক রাকাতে এক লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন বাজও (রহ.) একই মত ব্যক্ত করেছেন।

তাদের মতে এ প্রসঙ্গে বর্ণিত হাদিসে ‘মসজিদুল হারাম’ উল্লেখ থাকলেও তার দ্বারা মক্কার পুরো হারাম এলাকা বোঝানো হয়েছে, শুধু মসজিদুল হারাম নয়। এই হাদিস ছাড়া অন্য অনেক আয়াত ও হাদিসেও ‘মসজিদুল হারাম’ বলে পুরো হারাম এলাকা বোঝানো হয়েছে। যেমন রাসুলুল্লাহর (সা.) ইসরা অর্থাৎ মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাত্রা উম্মে হানীর (রা.) ঘর থেকে শুরু হলেও সুরা ইসরায় আল্লাহ তাআলা এই যাত্রাকে ‘মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাত্রা’ বলেছেন। আর কিছু বর্ণনায় ‘মসজিদ’ শব্দ ছাড়া শুধু হারামের ফজিলত হিসেবেও এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব লাভের কথা এসেছে।

তবে অনেক আলেমের মতে এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব লাভের বিশেষ ফজিলত শুধু মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। মসজিদুল হারামের বাইরে হারামের অন্যান্য জায়গায় নামাজ পড়লে এ ফজিলত পাওয়া যাবে না। তাই মতপার্থক্যের ঊর্ধ্বে থাকার জন্য সুযোগ থাকলে অলসতা না করে মসজিদুল হারামে নামাজ পড়ার চেষ্টা করা উচিত।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।