দাতব্য সংস্থার মাধ্যমে কোরবানি করলে ওয়াজিব আদায় হবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৯ মে ২০২৬
দাতব্য সংস্থার মাধ্যমে কোরবানি করলে ওয়াজিব আদায় হবে? ছবি: জাগো নিউজ

প্রশ্ন: আজকাল অনেক দাতব্য সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো পশুর এক সপ্তমাংস বা পূর্ণ পশু কোরবানি করা যায়। টাকা দিয়ে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফর্ম পূরণ করলে তারা নির্ধারিত দিনে কোরবানি করে কোরবানির মাংস গরিব-অসহায়দের মধ্যে বণ্টন করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। কোরবানিদাতা কোরবানি ও মাংস বণ্টনের সময় উপস্থিত থাকেন না। প্রশ্ন হলো এভাবে কোনো সংস্থাকে টাকা দিয়ে কোরবানির দায়িত্ব দিয়ে দিলে ওয়াজিব কোরবানি আদায় হবে কি না?

উত্তর: কোনো দাতব্য সংস্থা যদি নির্ভরযোগ্য হয় যে সংস্থাটি শরিয়তের সব বিধি-বিধান অনুসরণ করে কোরবানির উপযুক্ত পশু ক্রয় করবে, নির্দিষ্ট দিনে কোরবানি করবে এবং অসহায়-দরিদ্রদের মধ্যে বণ্টন করবে বলে পূর্ণ আস্থা রাখা যায়, তাহলে ওই দাতব্য সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কোরবানির দায়িত্ব দিলে কোরবানি ও মাংস বিতরণের সময় উপস্থিত না থাকলেও কোরবানি শুদ্ধ হবে এবং ওয়াজিব কোরবানি আদায় হবে।

তবে মনে রাখতে হবে, কোরবানির মাংস থেকে কোরবানিদাতার নিজের খাওয়া এবং পরিবারকে খাওয়ানো সুন্নত ও উত্তম আমল। আলেমরা নিজের দায়িত্বে কোরবানি করে কিছু নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো, কিছু অভাবী আত্মীয়-প্রতিবেশীদের দেওয়া, কিছু সদকা করতেই উৎসাহ দিয়েছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরবানির মাংস খাওয়ার ও খাওয়ানোর নির্দেশ দিয়ে বলেন, তোমরা তা থেকে খাও এবং খাওয়াও মানুষের কাছে হাত পাতে না এমন অভাবীদের এবং চেয়ে বেড়ায় এমন অভাবীদের। (সুরা হজ: ৩৬)

কিন্তু কেউ যদি কোরবানির সব গোশত সদকা করে দেন অথবা সব গোশত নিজের ও পরিবারের জন্য রাখেন, তাহলেও কোরবানি শুদ্ধ হবে, ওয়াজিব আদায় হবে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।