জিকিরের ধরন ও প্রাপ্তি


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৬ আগস্ট ২০১৬

জিকির জিহ্বা দ্বারা হয়ে থাকে। আবার কেউ কেউ মনে মনেও জিকির করে থাকেন। কল্পনার মাধ্যমে আল্লাহর স্মরণকেও জিকির হিসেবে গণ্য করা হয়। সর্বোপরি আল্লাহ তাআলার হুকুম-আহকাম পালন করেই হলো বান্দার জন্য উত্তম জিকির। কুরআনে কারিমে আল্লাহ তাআলা জিকিরের বিষয়ে বলেছেন, ‘তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করবো।’ উম্মতের সুবিধার্থে বিশ্বনবি সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে জিকিরের ধরন ও তার ফলাফল সম্পর্কে অনেক বর্ণনা করেছেন। সংক্ষেপে কিছু তুলে ধরা হলো-

জিকিরের ধরন
>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করেছে সে আল্লাহ তাআলা জিকির করেছে। (দুররে মানছুর)

>> হজরত মাআ’জ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আরজ করলাম- কোন আমলটি সবচেয়ে ভাল? তিনি ইরশাদ করলেন, ‘মৃত্যুর সময় আল্লাহর পবিত্র নামের জিকির যে তোমার রসনা (জিহ্বা) সিক্ত থাকে।

>> হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিকির করে না সে যেন মৃত। (দুররে মানছুর)

>> হজরত মাআ’জ ইবনে জাবাল বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জান্নাতবাসীদের কোনো আফসোস থাকবে না। তবে সে সময়ের জন্য শুধুমাত্র আফসোস থাকবে, যে সময়টি দুনিয়াতে জিকির ব্যতিত অতিবাহিত করেছে।

জিকিরের ফলাফল
দুনিয়াতে যারা আল্লাহ তাআলার জিকির করেন তাদেরকে চারটি বস্তু দান করা হবে। যা ছোট্ট একটি হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জিকিরকারীগণকে চারটি বস্তু প্রদান করা হয়-
১. তাদের ওপর ‘সাকিনা’ নাজিল হয় অর্থাৎ তারা নিশ্চিন্ত জীবন লাভ করে;
২. আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখে;
৩. ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে; এবং
৪. আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সে মজলিসে আলোচনা করেন যে মজলিসটি তাদের (মানুষের) মজলিসের চেয়ে উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়াতে আল্লাহর নির্দেশিত পথে বিশ্বনবির মতাদর্শে চলার মাধ্যমে উত্তম স্মরণকারী হিসেবে কবুল করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।