জ্বালানি-ভ্রমণ খাতে বরাদ্দের পুরো অর্থ ব্যয়ের অনুমতি পেলো পুলিশ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দকৃত কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে শতভাগ অর্থ ব্যবহারের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশের জন্য ‘পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট’, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি এবং ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ পুরোপুরি ব্যয়ের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখা-৬ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার (১২ মে) ইস্যু করা এ চিঠিতে সই করেন উপসচিব নাহিদ সুলতানা।
আরও পড়ুন
বিসিএস পুলিশ ক্যাডারের ৫২ কর্মকর্তার চাকরি স্থায়ী হলো
‘পদ্মা ব্যারাজ’ কী, কেন এত আলোচনা
চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের গত ৫ এপ্রিল জারি করা পরিপত্রের শর্ত শিথিল করে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তকে ভবিষ্যতে কোনো দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, বিশেষ অভিযান এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জ্বালানি ও ভ্রমণ ব্যয়ের ধারাবাহিকতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের এমন সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
টিটি/কেএসআর