নির্বাচনী ঝড় এখন চায়ের কাপেও


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

দিন গুনে নির্বাচনী সময় পার করা ক্রমশই ফুরিয়ে আসছে নারায়ণগঞ্জবাসীর। এখন সময় যাচ্ছে তাদের ঘণ্টা গুনে। প্রচার-প্রচারণায় জমে উঠেছে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন।

আগামী ২২ ডিসেম্বরে নাসিক নির্বাচনে এখানকার নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজধানী ঢাকার পাশের এই বন্দরনগরীটিতে।

নির্বাচনকে কেন্দ্র করে নাসিকের প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। চলছে প্রার্থীদের গণসংযোগ। চারদিকে বিরাজ করছে সাজ সাজ রব। প্রার্থীদের ভোটের মাঠে দৌড়ঝাপের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরর চায়ের কাপেও চলছে ভোটের ঝড়। প্রতিটি চায়ের দোকানেই সাধারণ মানুষের জটলা, আলোচনা পর্যালোচনার বিষয়ই আসন্ন নির্বাচন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জে হচ্ছে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, চালাচ্ছেন নিজেদের প্রচারণা, জনসংযোগ। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররাও।

নাসিকের প্রতিটি এলাকায় ভোটের ডামাডোল বাজছে। প্রচারও চলছে পুরোদমে। চায়ের টেবিলেও নির্বাচনী ঝড় উঠছে সমানে। প্রার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নারায়ণগঞ্জের সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা। যাতে গুরুত্ব পাচ্ছে স্থানীয় রাজনীতি, কেন্দ্রীয় রাজিনীতি, দলীয় কোন্দল, ভোটের দিনের হিসাব-নিকেশ।

চাষাড়া ২ নম্বর গেটে চায়ের দোকানে বসে কথা হয় স্থানীয় বাসিন্দা আসলামুল হকের সঙ্গে। তিনি বলেন, যেহেতু প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে সেহেতু এখানে তো দলীয়, কেন্দ্রীয়, স্থানীয় সবার মধ্যেই এক ধরনের আগ্রহ,উদ্দীপনা কাজ করছে। কে হবে মেয়র? স্থানীয় কাউন্সিল কে হচ্ছেন এ বিষয় নিয়েই সবার মধ্যে আলোচনা হচ্ছে। এখন আগ্রহের জায়গা নির্বাচন নিয়ে।

একই  সময় সেই চায়ের দোকানে নিজের সহকর্মীকে সঙ্গে নিয়ে চা খাচ্ছিলেন আফজাল হোসেন নামের আরেক স্থানীয় বাসিন্দা । আসলামুল হকের মতের বিরোধিতা করে তিনি বলেন, এ নির্বাচনে সাধারণের আলোচনায় কী এসে যায়। দলীয় প্রতীকে নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে এ নির্বাচনের হিসাব নিকাশ তো কেন্দ্রীয় রাজনীতির হাতে। আর এ মুহূর্তে এটিই এখন সাধারণ মানুষের আলোচনার বিষয়।

এএস/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।