মধ্যবিত্তের ভরসা ‘বামরুনগ্রাড’ হাসপাতাল


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০১ এপ্রিল ২০১৬

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নাম সবারই জানা। রাষ্ট্রপতিসহ দেশের ভিভিআইপিরা সেখান থেকেই চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালও এটি। তবে চিকিৎসার মানের দিক দিয়ে মাউন্ট এলিজাবেথের পরই বামরুনগ্রাডের অবস্থান। মানের দিক থেকে এক ধাপ নিচে থাকলেও মাউন্ট এলিজাবেথ থেকে ব্যয় অনেক কম এ হাসপাতালটিতে। আর এ কারণেই অনেকেই মধ্যবিত্তের ‘মাউন্ট এলিজাবেথ’বলে বামরুনগ্রাডকে।

বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ হাসপাতাল ‘বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটাল’। যার অবস্থান ব্যাংককের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সুকুম্ভিটের সয়-থ্রিতে।

singapore

হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লাখ রোগী  হাসপাতালটিতে সেবাগ্রহণ করে। এদের মধ্যে এশিয়া ও মধ্য প্রাচ্যের রোগীই বেশি।

হাসপাতালটিতে রয়েছে ৯শ` জন বিশেষজ্ঞ ডাক্তার। তবে উন্নত নার্সিং সেবার কারণে হাসপাতালটি বিশ্বে এত আলোচিত। ওষুধপত্র ও ডায়াগনস্টিক টেস্টের চেয়ে রোগীর সেবাই বেশি প্রাধান্য পায় এখানে। রোগীদের মল-মূত্র পরিষ্কারের জন্য নেই কোনো আলাদা ক্লিনার। প্রতি ৪ জন রোগীর জন্য রয়েছে একজন নার্স। তারাই এসব পরিষ্কার করেন। ক্লিনাররা শুধু ফ্লোর পরিষ্কার করে থাকে, রোগীদের গায়ে হাত দেয়ার এখতিয়ার নেই তাদের।

হাসপাতালটিতে চিকিৎসা নেয়া বাংলাদেশি মোহাম্মদ জাকারিয়া জাগো নিউজকে বলেন, দেশের হাসপাতালগুলোর সঙ্গে এই হাসপাতালের মূল পার্থক্য নার্সিং সেবায়। পরিপূর্ণ নার্সিংয়ের কারণে এখানকার রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। যে রোগী যখন যা বলছে নার্সেরা তাই করে। কখনো তারা বিরক্ত হয় না।

singapore

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌদি আরব প্রবাসী আবদুল আজিজ। জাগো নিউজের এ প্রতিবেদককে তিনি বলেন, শুনেছি এখানকার নার্সিং সেবা ‘মাদার কেয়ারের’ মতো। তাই এখানে চিকিৎসা নিতে এসেছি। এখানকার নার্সরা সেবার পাশাপাশি রোগীদের মানসিকভাবেও চাঙ্গা রাখার দায়িত্ব পালন করেন।
 
প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৬০ হাজার রোগী বামরুনগ্রাড থেকে চিকিৎসা নেয়। বাংলাদেশিদের জন্য হাসপাতালটিতে রয়েছে ৮ জন বাংলাদেশি ইন্টারপ্রেটার বা কাস্টমার সার্ভিস কর্মকর্তা।

জানা যায়, হাসপাতালটিতে প্রায় সাড়ে ৮ হাজার টাকায় একজন পুরুষ তার শরীরের বেসিক রোগসমূহ নির্ণয়ে চেকআপ করাতে পারেন। আর মহিলাদের জন্য খরচটা সাড়ে ১৩ হাজার টাকা। দেহের প্রতিটি অঙ্গের জটিল রোগসহ সব ধরণের ডায়াগনস্টিক টেস্টের খরচ প্রায় ৪২ হাজার টাকা। তবে চল্লিশোর্ধ মহিলাদের জন্য খরচটা ৪৮ হাজার টাকা।

হাসপাতালটির দেয়া তথ্য মতে, বিশ্বের সবচেয়ে বেশি ক্যান্সার রোগীরা এ হাসপাতালে আসেন। কারণ বিশ্বের অন্যান্য হাসপাতালের চেয়ে কম খরচে প্যট স্ক্যান, ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড স্ক্রিনিং, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয় এ হাসপাতালটিতে।

singapore
 
বাংলাদেশি রোগীদের বামরুনগ্রাডে চিকিৎসা নিতে রাজধানীর পান্থপথে রেফারেল অফিস থেকে সেবা দেওয়া হয়। সেখানে রোগের ব্যাপারে শুনে ও বাংলাদেশি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যাংককে হাসপাতালটির এডমিনিস্ট্রেশন বিভাগে পাঠানো হয়। ব্যাংকক থেকে ফিরতি ই-মেইলে ডাক্তারের নাম ও অ্যাপয়েন্টমেন্টের সময় দেয়া হয়। এছাড়াও হাসপাতালে গিয়ে যে কেউ সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
 
লোকাল অফিস থেকে সঠিক ডাক্তারের সঙ্গে এপয়েন্টমেন্ট, চিকিৎসা সংক্রান্ত তথ্য ও খরচের ধারণা, ভিসা প্রাপ্তিতে সহায়তা, ব্যাংককে থাকার ব্যবস্থা ও দোভাষী সেবা দেয়া হয়।

এআর/আরএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।