শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কামিন্দু, বাদ ধনঞ্জয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা। দলে সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো কামিন্দু মেন্ডিসের প্রত্যাবর্তন এবং ধনঞ্জয়া ডি সিলভার বাদ পড়া।

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে ব্যর্থ হওয়ায় ধনঞ্জয়াকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজে একাদশে সুযোগ না পাওয়া এবং ইংল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়া কামিন্দু মেন্ডিস বিশ্বকাপের দলে আবার জায়গা করে নিয়েছেন।

২৩ বছর বয়সী ব্যাটার পাভান রথনায়েকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন, যা নির্বাচকদের আস্থার বড় প্রমাণ। কাঁধে চোট পেয়ে সম্প্রতি মাঠ ছাড়লেও দলে রাখা হয়েছে ইশান মালিঙ্গাকেও, যদিও তার খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

তবে জায়গা হয়নি পেসার প্রমোদ মাদুশান ও নুয়ান থুশারার। ফর্মের অবনতি ও বোলিং আক্রমণে পর্যাপ্ত বিকল্প থাকায় এই সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই ধরা হচ্ছে। বিনুরা ফার্নান্দোও বাদ পড়েছেন।

স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানার সঙ্গে থাকছেন দুনিথ ওয়েল্লালাগে, চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিস।

২০ দলের এই বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সব ম্যাচই হবে ঘরের মাঠে।

৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ও ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দুটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর ১২ ফেব্রুয়ারি ওমান ও ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।