কাল ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি জনসভায় অংশ নিতে ফরিদপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।

জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ বলেন, এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর বিভাগীয় জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এই জনসভা ফরিদপুর বিভাগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনি রূপরেখা ও দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও আসতে পারে। সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

এন কে বি নয়ন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।