‘আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন!’ বিশ্বকাপ ইস্যুতে সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে আক্ষেপ নেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। বরং মাঠের বাইরের ইস্যু নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কাজ ও পারফরম্যান্সের উন্নতিতেই বেশি মনোযোগী হতে চান তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নিয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে ভেন্যু সরানোর বিষয়ে আইসিসির সাথে একমত হতে না পারায় এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে এই নিয়ে বিচলিত নন ধূমকেতু একাদশের প্রধান কোচ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হা-হুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টাটা করছি।’

ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শ দিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন!’

বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ হাতছাড়া হওয়া ক্রিকেটারদের ওপর কেমন প্রভাব ফেলছে, এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমানের উদাহরণ টেনে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, যেটা চলে যাওয়ার তা চলে গেছে। আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’

জাতীয় দলের সব তারকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বলে অদম্য টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট সালাহউদ্দিনের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।