ক্রিকেট বৈরিতার মধ্যেই ফুটবল মাঠে মুখোমুখি বাংলাদেশ-ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে খেলবে না বাংলাদেশ- এমন সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ দিয়েছে আইসিসি। ক্রিকেটের এই বৈরিতার মধ্যেই সোমবার ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছে দুই দেশ। তবে বাংলাদেশ বা ভারতের মাঠে নয়, এ লড়াই হবে নিরপেক্ষা ভেন্যু নেপালের পোখারায়।

হিমালয়ের দেশটিতে চলছে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। চার দেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছে ৩১ জানুয়ারি। প্রথম দিন বাংলাদেশ ১২-০ গোলে হারিয়েছে ভুটানকে এবং ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে।

বাংলাদেশ ও ভারত এই টুর্নামেন্টের বর্তমান যৌথ চ্যাম্পিয়ন। এবার কাদের হাতে উঠবে ট্রফি? লিগ ভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। নিজেদের প্রথম ম্যাচ জিতে ফাইনালের রাস্তা প্রায় পরিস্কার করে রেখেছে বাংলাদেশ ও ভারত।

সোমবার দুপুরের (১২ টায়) এই মোকাবিলার পর দেশ দুটি ফাইনালেও মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। তাই সোমবারের লড়াই দুই দলের শক্তি পরীক্ষার মহড়াও। সবচেয়ে বড় বিষয়, ক্রিকেট নিয়ে বাংলাদেশ ও ভারতের টেবিল যুদ্ধের মধ্যেই মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন দুই দেশের নারীরা।

২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। ফাইনাল সমতা ছিল ১-১ গোলে। টাইব্রেকারের ফল ছিল ১১-১১। অনেক নাটকের পর দুই দেশকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।