সালাউদ্দিন
সাকিবকে না চাওয়া মানেই বোকার স্বর্গে বাস করা
রাজনৈতিক কারণে নির্বাসিত সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া, ফিক্সিং ইস্যুতে তৈরি বিতর্ক ও একজন প্রভাবশালী পরিচালকের পদত্যাগের আলোচনার মাঝে হুট করে দেশের সফলতম ক্রিকেটারকে ফেরানোর কথা জানায় বোর্ড। শিগগিরই কী সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে? এমন জল্পনার মধ্যে অলরাউন্ডারের ফেরা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আগামীকাল শুরু হতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে ধূমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে আছে সালাউদ্দিন। বুধবার মিরপুরে সাকিবের ফেরা নিয়ে মুখ খুলেন সালাউদ্দিন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে বয়স আর অন্যান্য বিষয় মাথায় রেখে সাকিব কী আদৌ বাংলাদেশ দলে খেলতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না। তাহলে আমার মনে হয় যে আমরা এখনও বোকার রাজ্যে বাস করছি।’
দলে সাকিবের মতো অলরাউন্ডার যে ভারসাম্য তৈরি করে সেটা মনে করিয়ে দিলেন সালাউদ্দিন, ‘সাকিবের মতো ক্রিকেটারের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দলে ব্যালেন্স চলে আসে। একজন বোলার ও ব্যাটার দুইদিকেই পাবেন। দিন শেষে সাকিবও যদি ফিট থাকে সেটাও একটা বড় ব্যাপার। এটা যে কেউ চাবে। এটা আসলে প্রশ্ন করার মতো আমার মনে হয় কোন বিষয় না।’
অবশ্য জাতীয় দলে ফেরা প্রসঙ্গে সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি সালাহউদ্দিন।
এর আগে কদিন আগে বিসিবির বোর্ডসভায় পরিচালক আসিফ আকবর জানান, সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন ২৭ জন।
সাকিব ফিট থাকলে তাকে বিবেচনা করতে নির্বাচকদের সায় দেবেন তারা। আসিফ আকবর বলেন, ‘বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের এভেলেবিলিটি (উপলব্ধতা), ফিটনেস এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই সিলেকশনের জন্য বিবেচনা করবে। এছাড়া গ্লোবাল টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের জন্য বোর্ড তাকে প্রয়োজন অনুযায়ী অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করবে।’
এসকেডি/এমএমআর