সাইফউদ্দিন

‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ নাগরিকদের পাশাপাশি নিজ নিজ এলাকায় উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল আজ সকালে নিজ শহর চট্টগ্রামে ভোটাধিকার প্রয়োগ করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি। এছাড়া জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও নিজ এলাকায় ভোট দিয়েছেন।

পারিবারিক আবহে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ফেনীতে ভোট দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা শেয়ার করে তিনি লিখেছেন, ‘অবশেষে ভোট দিলাম-যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত-এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।’

এদিকে অদম্য টি-টোয়েন্টি কাপে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে সেই চোট তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। আজ হাতে ব্যান্ডেজ নিয়েই ভোটকেন্দ্রে হাজির হয়ে জীবনের প্রথম ভোটটি দিয়েছেন এই তরুণ ওপেনার।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।