ফিলিপস-রাচিনের জুটিতে ম্লান যুবরাজের সেঞ্চুরি, সুপার এইটে নিউজিল্যান্ড
যুবরাজ সামারার দুর্দান্ত সেঞ্চুরির পর বোলিংয়েও শুরুটা আশাজাগানিয়া করেছিল কানাডা। কিন্তু কোনো অঘটন ঘটতে দেননি নিউজিল্যান্ডের দুই ব্যাটার গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। তাদের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে ৮ উইকেটের জয় পেয়েছে কিউইরা। এই জয়ে সুপার এইটে পা রাখলো ড্যারিল মিচেলের দল। আর টানা ৩ হারে বিদায় নিয়েছে কানাডা।
১৯ বছর বয়সী যুবরাজ সামারার ১১০ রানের ইনিংসে ১৭৪ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। বোর্ডে ৩০ রান উঠতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে কানাডা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হয়নি। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের ১৪৬ রানের জুটি সুপার এইটে নিয়ে গেছে ব্ল্যাকক্যাপসদের।
দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। তবে বেশি তাণ্ডবলীলা চালিয়েছেন গ্লেন ফিলিপস। ৬ ছক্কা ও ৪ চারে সাজানো ৭৬ রানের ইনিংসটি খেলেন তিনি মাত্র ৩৬ রানে। স্ট্রাইকরেট ছিল ২১১। রাচিনের ইনিংসটি ছিল ১৫১ স্ট্রাইকরেটে। ৩৯ বলে করেন ৫৯ রান। ৪টি চার ও ৩টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
৭৬ রানের ইনিংস খেলার পাশাপাশি ৩টি ক্যাচও নিয়েছেন ফিলিপস। হয়েছেন ম্যাচসেরাও। জয়ের সম্ভাবনা জাগিয়েও টানা তৃতীয় হারে বিদায় নিশ্চিত হয়েছে কানাডার।
এর আগে, সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছেন কানাডার যুবরাজ সামারা। তার তাণ্ডব চালানো ১১০ রানে কানাডার সংগ্রহ দাঁড়ায় ১৭৩।
মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে কানাডার ১৯ বছর বয়সী তরুণ ওপেনার যুবরাজ সামারা নিউজিল্যান্ডের বোলারদের ওপর যে তাণ্ডব চালিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। সহযোগী দেশের এই তরুণ একের পর এক চার-ছক্কায় দিশেহারা করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ সব বোলারদের।
ওপেনিংয়ে নেমে অধিনায়ক দিলপ্রিত বাজওয়াকে নিয়ে গড়েন ১১৬ রানের দারুণ এক জুটি । ওই জুটিতেই বার্তা দেন দলের ও নিজের জন্য বড়কিছু করার। ৩৬ রান করে কাইল জেমিসনের বলে বাজওয়া থামলেও থামানো যায়নি যুবরাজকে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে ৫৮ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক। আর এটি এই বিশ্বকাপের দ্বিতীয় শতক। গতকাল ৫২ বলে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
যুবরাজের সঙ্গে ৪৭ রানের জুটি গড়লেও নভনিত ধালিওয়াল করেছেন মাত্র ৭ রান। আউট হন দলীয় ১৫৩ রানে ম্যাট হেনরির বলে। বোর্ডে আরও ৭ রান যোগ হতেই জিমি নিশাম তুলে নেন ২ রান করা নিকোলাস কির্টনকে। আরও ৪ রান যোগ হলে দিনের নায়ক যুবরাজ সামারাও বিদায় নেন। তবে আউট হওয়ার আগে খেলেন ৬৫ বলে ১১০ রানের এক অনবদ্য ইনিংস। ১১ চার ও ৬ ছক্কায় সাজিয়েছেন সেই অবিশ্বাস্য ইনিংস।
শেষ পর্যন্ত কানাডার বোর্ডে জমা হয় ৪ উইকেটে ১৭৩ রান। সমান একটি করে উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি, নিশাম, ডাফি ও জেমিসন।
আইএন