প্রথম সেমিফাইনাল

জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৪ মার্চ ২০২৬

৭৭ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জানসেনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১৭০।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ড। ১২ রানের মধ্যে সাজঘরে ফেরত যান কুইন্টন ডি কক (৮ বলে ১০) আর রায়ান রিকেলটন (০)।

ধরে খেলতে চেয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক এইডেন মার্করাম (২০ বলে ১৮)। ডেভিড মিলার আউট হন ৬ বলে ৬ রানেই।

ডেওয়াল্ড ব্রেভিস হাত খুলতে চেয়েছিলেন। কিন্তু ২৭ বলে ৩৪ রান করে ফিরতে হয় তাকেও। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

সেখান থেকে ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস আর মার্কো জানসেনের ৪৮ বলে ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। স্টাবস ২৪ বলে ২৯ করে আউট হন।

তবে ৫ ছক্কায় ২৭ বলেই ফিফটি তুলে নেন জানসেন। ৩০ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, কোলে ম্যাককনচি আর রাচিন রাবিন্দ্রা নেন দুটি করে উইকেট।

এমএমআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।