পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস কিউই পেসারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৮ মার্চ ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার ব্রেট র‍্যান্ডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্লাঙ্কেট শিল্ডের একটি ম্যাচে তিনি টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন।

নেপিয়ারে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এবং নর্দার্ন ডিস্ট্রিক্টসের মধ্যকার ম্যাচের দ্বিতীয় দিনে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন র‍্যান্ডেল।

নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিনা উইকেটে ছিল ৪ রান। সেখান থেকে মাত্র পাঁচ বলের ব্যবধানে স্কোরলাইন দাঁড়িয়ে যায় ৯ রানে ৫ উইকেট।

র‍্যান্ডেল তার দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে আউট করে শুরু করেন উইকেটের মিছিল। ইনসুইং ডেলিভারিতে স্টাম্প ভেঙে যায় কুপারের।

পরের ওভারের প্রথম বলেই তিনি জিত রাভালের স্টাম্প উড়িয়ে দেন। এরপর জো কার্টারকে কট বিহাইন্ড করিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এরপর রবার্ট ও'ডোনেল স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। র‍্যান্ডেলের পঞ্চম শিকার হন ক্রিশ্চিয়ান ক্লার্ক, যার ব্যাটের ভেতরের প্রান্তে লেগে বল ফিরে গিয়ে স্টাম্প ভেঙে দেয়।

এই সময়ে র‍্যান্ডেলের বোলিং ফিগার ছিল অবিশ্বাস্য—২.৪ ওভারে ২ রান দিয়ে ৫ উইকেট। যদিও পরের বলে বেন পোমোরে তাকে টানা ষষ্ঠ উইকেট থেকে বঞ্চিত করেন, ততক্ষণে ইতিহাস তৈরি হয়ে গেছে।

পরে র‍্যান্ডেল আট বলের মধ্যে ছয় উইকেট নেওয়ার কীর্তিও গড়েন। সবমিলিয়ে ১১ ওভারে ২৫ রান দিয়ে ৭ উইকেট নিয়ে শেষ করেন র‍্যান্ডেলের, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং।

র‍্যান্ডেলের বিধ্বংসী বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৩৭৩ রান করা সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এরপর তাদের ফলোঅন করায়।

উল্লেখ্য, প্রথম-শ্রেণির ক্রিকেটে এটি প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচ উইকেটের ঘটনা। তবে টি-টোয়েন্টিতে এর আগে এই কীর্তি গড়েছিলেন আয়ারল্যান্ডের কুর্তিস ক্যাম্ফার।

এছাড়া ২০২৪ সালে জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডার কেলিস এনধলুভো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।