শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৫ মার্চ ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স এবার শ্রীলঙ্কা নারী দলের কোচের দায়িত্ব পেলেন। লেভেল–৩ সনদপ্রাপ্ত এই কোচ আগামী ১৬ মার্চ থেকে এক বছরের মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপালন শুরু করবেন। তিনি স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুমেশ রত্মায়েকের।

বাংলাদেশের সাবেক এই কোচ শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বপালন শুরু করবেন আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর দিয়েই। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে।

নতুন কোচ হিসেবে তার লক্ষ্যই হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা নারী দলকে ভালো ফলাফল করানো। তারুণ্যে ভরপুর এক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন সিডন্স।

দুই দশকেরও বেশি সময়ের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে সিডন্স। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ দলের কোচ ছিলেন। তার অধীনেই বাংলাদেশ প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতে। হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ১১ বছর পর ২০২২ সালে তিনি বাংলাদেশের কোচের দায়িত্বে ফেরেন। সেবার তিনি নিয়োগ পান ব্যাটিং কোচ হিসেবে।

খেলোয়াড়ি জীবনে সিডন্স অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত সফল ব্যাটার ছিলেন। তিনি সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার অধিনায়কত্ব করেছেন। ক্যারিয়ারে শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় ১০ হাজারের বেশি রান করেছেন।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।