মিরপুরে প্রথম ওয়ানডে আজ

বাংলাদেশ-পাকিস্তানের ‘নতুন শুরু’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১১ মার্চ ২০২৬

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি। পাকিস্তান খেললেও যেতে পারেনি সেমিফাইনালে। বিশ্বকাপের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের জন্যই তাই নতুন শুরু।

এবার হতাশা ঝেড়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান তাদের ১৫ সদস্যের দলে ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশ প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।

বাংলাদেশের কোচিং স্টাফরা মনে করছেন, ব্যাটিং ও বোলিং—উভয় ইনিংসের মধ্যভাগে আরও উন্নতির প্রয়োজন। সেই লক্ষ্যেই মিডল অর্ডারে নতুন সমন্বয় আনা হয়েছে, যেখানে দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতলেও আগের দুই সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছে।

পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভূক্তিতে বাংলাদেশের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে শক্তিশালী। তাদের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। প্রয়োজনে পেস বিভাগে বিকল্প হিসেবে আছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

অন্যদিকে পাকিস্তান দলে নতুনদের উপস্থিতিই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে। ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ অর্ডারের ব্যাটার। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তার সঙ্গে টপ অর্ডারে থাকতে পারেন শামিল হোসেন ও মাজ সাদাকাত।

টপ অর্ডারে পাকিস্তানের অনভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মোস্তাফিজ-তাসকিনরা। সেটা করতে পারলে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।