পাকিস্তানকে উড়ানোর পরের দিনটি যেভাবে কাটাচ্ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১২ মার্চ ২০২৬

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা চোখ রাঙাচ্ছিল। মাথায় ছিল সরাসরি আগামী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের চাপও। তবে মাঠের খেলায় সব চাপ অতিক্রম করে বুধবার পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১১৪ রানে গুটিয়ে ২০৯ বল বাকি রেখেই জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।

এমন জয়ের পরের দিন আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, প্রথম ওয়ানডের জয়ে পুরো দলের মানসিকতা ও শারীরিক ভাষা বদলে গেছে। আত্মবিশ্বাস ফিরেছে সবার মধ্যে, সবাই খুব উৎফুল্ল আছেন।

সূত্র জানায়, কোনো অনুশীলন না থাকলেও হোটেলেই ক্রিকেটাররা রিকভারি সেশন করেছেন। এরপর নিজেদের মধ্যে আড্ডা, গল্পে দিন পার করছেন। সন্ধ্যায় বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের একসঙ্গে ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

ইফতার শেষে রাত ৮টায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা জিম করবেন। সেখান থেকে ফিরে আছে টিম মিটিং। আগামীকাল শুক্রবারই যে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

এই ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়া সুযোগ আছে স্বাগতিকদের সামনে। আগামীকাল জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে মিরাজের দল। সেক্ষেত্রে ঘরের মাঠে টানা দ্বিতীবার ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বেন শান্ত-তামিমরা।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।