অবশেষে ভারত ছাড়লেন দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ দলের বাকি সদস্যরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১২ মার্চ ২০২৬

ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ছাড়তে পারছিলো না ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল। অনিশ্চয়তার মাঝে অবশেষে দুই দেশের শেষ ব্যাচের ক্রিকেটার ও কোচিং স্টাফরা ভারত ছেড়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এই তথ্যটি নিশ্চিত করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মূলত পশ্চিম এশিয়ার আকাশ বন্ধ থাকায় বিশ্বকাপ শেষে ভারতে আটকা পড়েছিল বেশ কয়েকটি দল। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় হোটেলেই দিন পার করতে হচ্ছিল দেশ দুটির ক্রিকেটারদের। দুবাই বিমানবন্দরের অচলাবস্থার কারণে একাধিকবার চেষ্টা করেও ভারত ছাড়া সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। চার্টার্ড বিমানের প্রস্তাব আনা হলেও নিরাপত্তাজনিত কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দুই দলের বাকি থাকা সদস্যরা নিরাপদভাবেই তাদের যাত্রা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা দলের ২৯ ও ওয়েস্ট ইন্ডিজের ১৬ সদস্য যার যার জন্মভূমির উদ্দেশে রওনা হয়েছে। এর মধ্য দিয়ে অত্যন্ত প্রতিকূল বৈশ্বিক ভ্রমণ পরিস্থিতির মধ্যেও পরিচালিত একটি জটিল অভিযানের সমাপ্তি ঘটেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা গত ৪ মার্চ ও ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছিল। এরপর থেকেই একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় ভারতে আটকা পড়ে দল দুটি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।