ঐতিহাসিক স্পেলে ক্রিকইনফোর সেরা তাসকিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ মার্চ ২০২৬

প্রতিবছরই নারী ও পুরুষদের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যক্তিগত সেরা পারফরমারদের স্বীকৃতি দিয়ে থাকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা বোলিং ফিগার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০২৫ সালে পেস বোলিংয়ে অবিশ্বাস্য স্পেলে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন তাসকিন। মাত্র ১৯ রান খরচায় শিকার করেন ৭ উইকেট। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে এই পারফরম্যান্স করেন তিনি। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে এটি কোনো বোলারের তৃতীয় সেরা বোলিং।

এটি ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার। প্রথমবারের নয় বছর পর এই কীর্তি দেখান তাসকিন। বিপিএলের সবশেষ মৌসুমে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার।

টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং ফিগারের ক্রিকইনফোর স্বীকৃতি পেতে তাসকিনকে পেছনে ফেলতে হয়েছে নাথান ম্যাকএন্ড্রু, নাথান এলিস, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, হারপ্রিত ব্রার, রাইলি মেরেডিথ, নাথান সওটার, গুদাকেশ মোতি এবং খোজাইমা তানভীরকে।

তাসকিনের মতো মনোনয়ন পেয়েছিলেন শেখ মেহেদিও, বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং ফিগারের। কিন্তু শেষ পর্যন্ত তার জেতা হলো না। জিতেছেন ভারতের কুলদিপ যাদব। পাকিস্তানের বিপক্ষে ৩০ রান দিয়ে শিকার করেছিলেন ৪ উইকেট।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।