ভিয়েতনামের বিপক্ষেও হামজা-শামিতকে পাচ্ছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া হামজা-শামিতদের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। তারপরও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। ভালো একটা ফল নিয়ে এশিয়ান কাপের বাছাই শেষ করার লক্ষ্যে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হামজাদের জন্য একটি ফিফা ফ্রেন্ডলি আয়োজন করেছে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরার দল সফর করবে ভিয়েতনাম। সেখানে ২৬ মার্চ প্রীতি ম্যাচটি খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর।

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সভা করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সভায় সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সভা শেষ কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘১৬ মার্চ ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু হবে। প্রবাসী খেলোয়াড় শামিত সোম, জায়ান আহমেদ এবং ফাহামেদুল ইসলাম ক্যাম্পের প্রথম দিনই যোগ দেবেন। হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সাথে যুক্ত হবেন।’

আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য কোচ ইতিমধ্যে একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। ওই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আমরা ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবো। ঢাকায় অনুশীলন হবে চারদিন। আমরা খেলোয়াড়দের ১৬ মার্চ জাতীয় ক্যাম্পে রিপোর্ট করতে বলেছি। ঢাকায় চারদিন অনুশীলন করে ২০ মার্চ দল ভিয়েতনাম যাবে। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে ১ এপ্রিল দল দেশে ফিরবে।’

ক্যাম্প চলাকালীন কয়েকজন প্রবাসী খেলোয়াড়ও জাতীয় দলে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ১৪ মার্চ ঢাকায় পৌঁছাবেন। কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোম আসবেন ১৫। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম এবং ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী ১৬ মার্চ ঢাকায় দলের সাথে যোগ দেবেন।

আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় ক্যাম্পের প্রাথমিক পর্বে থাকছেন না। ইংলিশ লিগের এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রীতি ম্যাচের আগে ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন।’

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।