প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, নির্বাচক প্যানেলে আসছেন আর কে কে?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১২ মার্চ ২০২৬

বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে বিসিবি। আগামী ৩১ মার্চ শেষ হবে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বর্ধিত মেয়াদ। বৃহস্পতিবার নির্বাচক হওয়ার জন্য বিসিবিতে অন্তত ৮ জন আগ্রহী প্রার্থী সাক্ষাতকার দিয়েছেন। যেখান থেকে প্রধান নির্বাচক হতে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া নির্বাচক হওয়ার দৌড়ে আছেন নাঈম ইসলাম। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।

এর আগে নির্বাচক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিবি। সেখানে দেশীয়সহ জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্ডা তাইবুও আবেদন করেন। আবেদনকারী ১৬ জন থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য ৮ জন প্রার্থী চূড়ান্ত করে বিসিবি। তাদেরই আজ ইন্টারভিউ হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির ছিলেন ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম, ও আব্দুর রাজ্জাক। এছাড়া অনলাইনে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দেওয়ার আগেই হাবিবুল বাশারের সঙ্গে প্রধান নির্বাচকের পদ নিয়ে আলোচনা করে বিসিবি। তখন মূলত বেতন নিয়ে বনিবনা হচ্ছিল না। পরে শেষদিনে এসে নির্বাচক হওয়ার জন্য আবেদন করেন হাবিবুল বাশার।

সূত্র জানায়, এবার দুই পক্ষ সবকিছুতেই সমতায় পৌঁছেছে। ফলে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার বলা যায়।

অন্যদিকে নির্বাচক হওয়ার দৌড়ে চূড়ান্ত তালিকায় আছেন ৫ জন। সূত্র জানায়, এদের মধ্যে নাদিফ চৌধুরী, তুষার ইমরান ও নাঈম ইসলাম এগিয়ে আছেন। এখন বিসিবি নিজেদের মধ্যে আরেকটি বৈঠক করার পর নতুন নির্বাচক প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।