পাকিস্তান সিরিজে যেসব প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬

আগামী ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার জন্য বাংলাদেশের সামনে এখন প্রত্যেক সিরিজই সমান গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ঘরের মাঠে সিরিজগুলো জয় নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সেই মিশনে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে শুরুটা ভালো করেছে টাইগাররা। এই সিরিজে শুধু ট্রফি নয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চোখে প্রাপ্তি আছে আরও।

এবারের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচেই তাদের বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাকিস্তান। কিন্তু শেষ ম্যাচের রোমাঞ্চকর লড়াই জিতে সিরিজ ঠিকই নিজেদের করে নেয় টাইগাররা।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এই সিরিজের প্রাপ্তির প্রশ্নে মিরাজ বলেন, ‘সবমিলিয়ে সবাই দল হিসবে খেলেছে। আমার কাছে মনে হয় নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে। কারণ ও দেখেন লাস্ট সিরিজে দলে ছিল না। দলে ফিরে দারুণ কামব্যাক করেছে। ভালো করেছে এবং ফার্স্ট ম্যাচে ফার্স্ট ফাইভ উইকেট পেয়েছে এবং তাসকিনও অনেক ভালো বোলিং করেছে, মোস্তাফিজও। আমার কাছে মনে হয় যে বোলাররা তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালনন করেছে।প্রথম ম্যাচে আমরা ওদেরকে ১১৪ রানে অল আউট করেছি। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো প্রথম ১০-১২ ওভার আমরা ভালো করতে পারিনি কিন্তু আমরা ভালোভাবেই কামব্যাক করেছি। শেষের দিকে আমরা কিন্তু ওদেরকে প্রায় ৪০ রানের ভিতরে ছয় উইকেটের মানে আমরা নিয়েছি।’

তবে কিছু ঘাটতিও চোখে পড়েছে মিরাজের। ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘হ্যাঁ তারপরও আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যদি ট্রু উইকেটে খেলি ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস পাবে। আমরা যে পাকিস্তান সিরিজ খেলেছি আমরা কিন্তু ট্রু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করছি।’

এসকেডি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।