রাফিনহার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ফ্লিক
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক শুক্রবার নিশ্চিত করেছেন যে, উইঙ্গার রাফিনহা চোট থেকে সেরে দলে ফিরেছেন। বার্সেলোনার জন্য লা লিগা শিরোপা জয়ের পথে বড় স্বস্তির খবর।
পয়েন্টস টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছ ১১ পয়েন্ট। শনিবার ওসাসুনাকে হারালে আর রিয়াল এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারালে এই সপ্তাহান্তেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করতে পারে বার্সা।
রাফিনহা মার্চে ব্রাজিল জাতীয় দলের হয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং তখন থেকেই মাঠের বাইরে ছিলেন। এই সময়েই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে।
আগামী ১০ মে এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। যা কিনা শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বার্সেলোনার কোচ ফ্লিক বলেন, ‘রাফিনহা সবসময় শতভাগ দেয়, মাঠে হোক বা অনুশীলনে। তার মানসিকতা আমাদের অনেক সাহায্য করে। চোটের কারণে সে কষ্ট পেয়েছে, তাই তাকে ফিরে পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও জানান, রাফিনহা দলের সঙ্গে ভ্রমণ করবে এবং ম্যাচে খেলার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এদিকে ১৮ বছর বয়সী তরুণ তারকা লামিনে ইয়ামাল এখনো হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং মৌসুমের বাকি অংশে আর ফিরবেন না। তবে ফ্লিক আশা করছেন, তিনি আসন্ন বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন।
বার্সা যদি বাকি পাঁচটি ম্যাচ জেতে, তাহলে তারা ১০০ পয়েন্টের রেকর্ডে পৌঁছাতে পারে। যা আগে একবার মরিনহোর সময় রিয়াল মাদ্রিদ (২০১২) এবং টিটো ভিলানোভার এর বার্সা (২০১৩) অর্জন করেছিল।
ফ্লিক বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই জিততে চাই, কিন্তু লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে এগোনো। প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং উন্নতি করা।’
আইএন