নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই

পিএসএল খেলতে পাকিস্তানে মোস্তাফিজ-নাহিদ রানারা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২৬

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এমনকি নিরাপত্তা ইস্যুতে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ভেন্যু কমিয়ে আনা হয়। এতে বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেললে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে কি না এমন প্রশ্ন ওঠা শুরু হয়। তবে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আর কোনো বাধা নেই।

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় সমন্বয় বজায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে বিস্তারিত আলোচনার পর এটি নিশ্চিত করা হয়েছে যে, পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো উদ্বেগ নেই। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে ভ্রমণ করছেন। বিসিবি পুনরায় জোর দিয়ে জানিয়েছে যে, খেলোয়াড়দের সার্বিক কল্যাণ ও নিরাপত্তাই বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে যে কোনো পরিস্থিতির ওপর নজর রাখতে বোর্ড সব সময় সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।

নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর আজই (সোমবার) কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। নাহিদ রানা যাত্রাপথের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেনকে বিমানে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ঈদ শেষ’। বিসিবি পিএসএলের এবারের আসরে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।

এসকেডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।