অ্যাশেজের পরবর্তী সময় নিয়ে স্টোকসের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৪ মার্চ ২০২৬

ইংল্যান্ডের জন্য অ্যাশেজটা ছিল একেবারে চূড়ান্ত হতাশার। অস্ট্রেলিয়ায় সেই অ্যাশেজ সিরিজে নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক বেন স্টোকসও। অস্ট্রেলিয়ার মাটিতে ৪-১ ব্যবধানে পরাজয়ের পরবর্তী সময়কে তার অধিনায়কত্বের ‘সবচেয়ে কঠিন সময়’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে খোলা চিঠিতে তিনি কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোব কীর প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছেন।

গতকাল সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করে জানিয়েছে, টেস্ট দলের অধিনায়ক হিসেবেই স্টোকসই থাকছেন। চার বছর আগে তিনি এই দায়িত্ব নেন। একই সঙ্গে ম্যাককালাম ও রোব কী বহাল থাকছেন প্রধান কোচ ও ব্যবস্থাপনা পরিচালক পদে। প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর কাউকে দায়ী না করায় সমর্থকদের মধ্যে অসন্তোষ থাকতে পারে।

সিরিজ চলাকালে স্টোকস ও ম্যাককালামের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা যায়। স্টোকস বলেন, প্রতিপক্ষ দলগুলো ধীরে ধীরে ইংল্যান্ডের খেলার ধরন বুঝে ফেলছিল। অন্যদিকে ম্যাককালাম খেলোয়াড়দের আরও আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলার আহ্বান জানান। এমনকি তাদের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জনও ওঠে, যদিও রোব কি তা নাকচ করেন।

তবে ইনস্টাগ্রামে স্টোকস জানান, ম্যাককালাম ও কীর সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে তিনি ‘খুবই খুশি’ জুনে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। সমর্থকদের উদ্দেশে স্টোকস লেখেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হওয়া একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ সম্মান, আমি এটাকে কখনো হালকাভাবে নিই না। এতে যেমন আনন্দ আছে, তেমনি কষ্টও আছে। কখনো হাসায়, কখনো কাঁদায়। এটি আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলে।’

তিনি আরও বলেন, ‘গত তিন মাস আমার অধিনায়কত্ব জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। এটি আমাকে নানা দিক থেকে পরীক্ষা করেছে, এবং আমি নিশ্চিত অন্য অধিনায়কদেরও এমন অভিজ্ঞতা হয়েছে।’

স্টোকস যোগ করেন, ‘বাজ, রব এবং আমি এই দলকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ভুল করেছি, কিন্তু সেখান থেকে শিখেছি। ব্যর্থতা থেকেই শেখার সুযোগ বেশি।’

অ্যাশেজ সিরিজে খেলোয়াড় ও অধিনায়ক দুই ভূমিকাতেই বেশ নিষ্প্রভ ছিলেন। বল হাতে ১৫ উইকেট শিকার করলেও কুঁচকির চোটে পঞ্চম টেস্ট শেষ করতে পারেননি। ব্যাট হাতে ১০ ইনিংসে করেন ১৮৪ রান এবং অনভিজ্ঞ বোলিং আক্রমণ সামলাতেও হিমশিম খেয়েছেন।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।