সত্যি কবে দেশে ফিরবেন বিসিবি সভাপতি বুলবুল?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৬

তার দেশের বাইরে, মানে অস্ট্রেলিয়া যাওয়া আর ফেরা নিয়ে গত ৬ মাসে কম নাটক হয়নি। একবার, দুবার নয়- প্রায় প্রতিবারই তার দেশ ত্যাগ ও দেশে ফেরা নিয়ে হাজারো কথাবার্তা হয়েছে। নানা গুঞ্জন ও গুজবে বাজার ছেয়ে গেছে।

মাঝে একবার রটে গেল, তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন সিঙ্গেল টিকিটে, আর ফিরবেন না। পরে জানা গেল, সেবার তিনি অস্ট্রেলিয়াই যাননি। এবারও আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে নানা রকম কথাবার্তা শোনা গেছে। তবে এবার বিসিবি থেকে একাধিক দায়িত্বশীল কর্তা জানিয়েছেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলে গিয়েছেন এবং তিনি ফিরে আসবেন।

এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। ক্লাব ও জেলা-বিভাগের সংগঠকরা গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে।

পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন জেলা ও বিভাগে লিগ না হওয়া নিয়েও রয়েছে অসন্তোষ। অস্বচ্ছ অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অযাচিত হস্তক্ষেপে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, তার বিপক্ষে ঢাকার ৫০টি ক্লাব ও জেলা-বিভাগের ক্রীড়া সংগঠকদের লিখিত অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া সংস্থা একজন সাবেক বিচারপতিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় বসে সেই কমিটি গঠনের যথার্থতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ায় বসে এবং বিসিবির কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলে, কোনো ধরনের বৈঠকে না বসে তিনি একাই বিসিবির ব্যানারে প্রেস রিলিজ দিয়ে এনএসসির এই তদন্ত কমিটির বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন।

এই কমিটি গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিসিবির প্রেস রিলিজে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং বিসিবি ও এনএসসির গঠণতন্ত্র মেনেই হয়েছে। এতে কোনো ধরনের কারচুপি, অনিয়ম বা অস্বচ্ছতা ছিল না এবং বিসিবির ওই নির্বাচিত কমিটি নিজেদের কর্মকাণ্ডও সঠিকভাবেই পরিচালনা করছে।

এমন চিঠির যথার্থতা ও যৌক্তিকতা নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরেই রয়েছে ব্যাপক অসন্তোষ। বেশ কয়েকজন পরিচালক, দু’জন সহসভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান স্বয়ং ওই প্রেস রিলিজ প্রদানের বিরোধিতা করেছেন।

মক্কায় পবিত্র ওমরাহ করতে গিয়ে জাগো নিউজে মিডিয়ায় ওই প্রেস রিলিজ প্রদানে তার সম্পৃক্ততা নেই এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কিছুই জানেন না- এ কথা বলায় বুলবুলের রোষানলে পড়েন বিসিবি মিডিয়া কমিটি প্রধান আমজাদ হোসেন। তাকে পদচ্যুত করে বাবুকে নতুন মিডিয়া কমিটির প্রধান করা হয়। আমজাদ ক্ষোভ ও অভিমানে বিসিবির পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন।

এর আগে বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেকও। ৬ মাসের মধ্যে দুজন পরিচালকের পদত্যাগই বলে দেয় বিসিবির ভেতরের অবস্থা কী।

এমন টালমাটাল অবস্থায় কোনো রকমে চলতে থাকা বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দেড় মাস ধরে সভাপতি বাইরে। তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। জাগো নিউজের পাঠকদের এ খবর অনেক আগেই জানা। তা নিয়েও রয়েছে অসন্তোষ ও ক্ষোভ।

এর মধ্যে নতুন করে আবার উচ্চারিত হচ্ছে- আমিনুল ইসলাম বুলবুল কবে দেশে ফিরবেন? তিনি কবে ফিরবেন?

জাগো নিউজে ঈদের আগে মার্চের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং শেষে ২৬ মার্চ দেশে ফিরবেন। আজ ২৫ মার্চ জানা গেল, ২৬ নয়- আরও এক-দুই দিন পর আসবেন বিসিবির বিগ বস।

বিসিবির সিইও এবং বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে বিসিবি সভাপতির জাপানে থাকার কথা স্বীকার করে তারা সবাই বলেছেন, ২৭-২৮ মার্চের মধ্যেই তিনি ফিরবেন। আবার একজনের মুখে শোনা গেল, ২৯ মার্চও হতে পারে।

যেদিনই আসুন না কেন, বোঝাই যাচ্ছে তিনি আসবেন এবং দেশে ফেরার পর তাকে এনএসসির করা তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে। যতদূর জানা গেছে, তদন্ত কমিটির কাজ চলছে জোরেশোরে। ১৫ কর্মদিবসের মধ্যে ঈদের ছুটিতে কয়েক দিন বন্ধ ছিল। জানা গেছে, আগামী ৪ এপ্রিল সম্ভবত ওই ১৫ কর্মদিবস শেষ হবে। তার আগে আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্যটাও নিশ্চয়ই নিয়ে নেবে তদন্ত কমিটি।

তারপরই হয়তো ৫-৬ এপ্রিল নাগাদ তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে পারে।

এআরবি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।