অ্যাওয়ে ম্যাচ বলেই আশাবাদী ক্যাবরেরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ৩০ মার্চ ২০২৬

পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট। এর মধ্যে দুই পয়েন্ট প্রতিপক্ষের মাঠে। ভারতের বিপক্ষে গোলশূন্য আর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পাওয়া দুই পয়েন্ট আশাবাদী হওয়ার মতোই। বাংলাদেশ প্রতিপক্ষের মাঠে সুবিধা করতে পারে না- এবার অন্তত সেই বদনাম কিছুটা কমিয়েছে হামজা-শামিতরা। আওয়ে ম্যাচের ২ পয়েন্টের সাথে ঘরের মাঠে ভারতকে হারিয়ে তিন- আগামীকাল (মঙ্গলবার) শেষ হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত অর্জন বাংলাদেশের।

অ্যাওয়ে ম্যাচগুলোর মতো হোমে আরেকটি ম্যাচে ভালো করতে পারলে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে এখনো টিকে থাকতে পারতো বাংলাদেশ- এভাবে দুই ম্যাচ আগেই বিদায় নিতে হতো না। শেষ ম্যাচের আগে সেই আফসোসের কথা শোনা গেলো বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মুখে।

শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে কোচ বলেছেন, ‘এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ। এই মিশনে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা মঙ্গলবার একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং তিন পয়েন্টের জন্য লড়াই করতে চাই।’

সিঙ্গাপুরকে হারাতে পারলে এশিয়ান কাপ বাছাই শেষ হবে ৮ পয়েন্ট নিয়ে। জিতলে গুরুত্বপূর্ণ অর্জন হবে উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন, ‘আগামীকাল গুরুত্বপূর্ণ কিছু অর্জনের দায়িত্ব আমাদের। আগের ম্যাচে আমরা ঐতিহাসিক কিছু পেয়েছি। শেষ ম্যাচে জিতে সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে শেষ করার। লক্ষ্য ছিল শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটাই আমাকে সত্যি রোমাঞ্চিত করছে। এরপর আমরা দেখব কী হয়। তবে ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে এবং আগামীকাল আমাদের সামনে সেটি দেখানোর আরেকটি সুযোগ আছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের প্রসঙ্গ টেনে ক্যাবরেরা বলেছেন, ‘প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল। আস্তে আস্তে যে কোনো কারণেই হোক শক্তি হারিয়ে ফেলি। ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুর সেই সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুর ম্যাচটি জিতে নেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেষ ২০-৩০ মিনিট আমরা যা খেলেছি তাতে আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ ছিল। তাই আগামীকাল অন্তত একই স্তরের প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। আমরা জানি এ ম্যাচে আমাদের কাছ থেকে প্রত্যাশা কেমন। আমরা প্রথম ম্যাচের সমান স্তরে থেকে একটি কঠিন লড়াই দিতে চাই।’

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।