বিসিবি নির্বাচন: কাউন্সিলর তালিকা চূড়ান্ত
আসন্ন নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। এছাড়া বুধবার অ্যাডহক কমিটির চতুর্থ সভায় জেলা কোচ নিয়োগ প্রক্রিয়া এবং আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তি নবায়ন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সভায় বিসিবি সংবিধানের ১২.৭ ধারা অনুযায়ী অ্যাসোসিয়েশন, ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে মোট ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের তালিকা চূড়ান্ত করেছে।
তিনটি আলাদা ক্যাটাগরিতে এই কাউন্সিলরদের নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট সব অ্যাসোসিয়েশন ও ক্লাবকে চিঠির মাধ্যমে তাদের মনোনয়ন জমা দিতে অনুরোধ করা হবে এবং এজন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে। এই কাউন্সিলররা ভবিষ্যতে বিসিবির নীতিনির্ধারণ ও নির্বাচনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এছাড়া জেলা পর্যায়ের ক্রিকেট উন্নয়নের জন্য ৬৪টি জেলার কোচ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কোচ নিয়োগ দেওয়া হবে একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যারা আবেদনকারীদের তাত্ত্বিক জ্ঞান এবং মাঠ পর্যায়ের ব্যবহারিক দক্ষতা যাচাই করবে। বিসিবি মনে করে, এই পদ্ধতি তৃণমূল পর্যায়ে কোচিংয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জন্যও স্বস্তির সিদ্ধান্ত এসেছে। ৩০ এপ্রিল ২০২৬-এ শেষ হওয়া তাদের চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড। এতে চলমান ক্রিকেট কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না এবং নতুন কাঠামো প্রস্তুতের জন্য বিসিবি অতিরিক্ত সময় পাবে।
এসকেডি/এমএমআর