আইপিএল
অরেঞ্জ ক্যাপ নিয়ে টানাটানি ক্লাসেন-অভিষেকের, লড়াই জমেছে পার্পলেও
আইপিএলের এবারের মৌসুমে আরেকটি হাই-স্কোরিং ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটভক্তরা। ৪৩৭ রানের ম্যাচে শেষ হাসি হেসেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্যাট কামিন্সের। একই সঙ্গে বদল এসেছে অরেঞ্জ ক্যাপের শীর্ষস্থানেও, আর পার্পল ক্যাপের লড়াইও হয়ে উঠেছে আরও জমজমাট।
অরেঞ্জ ক্যাপে নতুন রাজা ক্লাসেন
হেনরিখ ক্লাসে চলতি মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। মৌসুমের শুরুতে কিছুটা ধীরগতির হলেও এখন পর্যন্ত ১১ ইনিংসে ৪৯৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৫৭.৩২। পাঞ্জাবের বিপক্ষে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে উঠে গেছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
তার সতীর্থ অভিষেক শর্মা বুধবার ১৩ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে ৪৭৫ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন। পুরো মৌসুমজুড়েই এই দুই ব্যাটার ছিলেন সানরাইজার্সের ব্যাটিং শক্তির মূল ভরসা।
এছাড়া তিন নম্বরে ব্যাট করা ইশান কিশান ৩২ বলে ৫৫ রান করে নিজের সংগ্রহ বাড়িয়ে ৪০৯ রানে নিয়ে গেছেন এবং উঠে এসেছেন তালিকার চার নম্বরে।
এই তালিকায় ইশানের ঠিক আগেই তিন নম্বরে আছেন লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালস ওপেনার আগের ম্যাচে ব্যর্থ হলেও এখনো তার রান ৪৪৫।
অন্যদিকে বৈভব সূর্যবংশী (৪০৪ রান) এবং সঞ্জু স্যামসন (৪০২ রান) চলতি মৌসুমে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।
পার্পল ক্যাপে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা
উইকেট শিকারিদের তালিকায় বুধবারের ম্যাচের পর শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন না এলেও ইশান মালিঙ্গা বড় ধরনের চাপ তৈরি করেছেন শীর্ষদের ওপর। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আয়ারের উইকেট নিয়ে নিজের সংগ্রহ ১৬-তে পৌঁছে দিয়েছেন।
বর্তমানে তার সমান ১৬ উইকেট রয়েছে গুজরাট টাইটান্সের হয়ে খেলা কাগিসো রাবাদারও। তবে ইকোনমি রেটে সামান্য পিছিয়ে থাকায় মালিঙ্গা রয়েছেন তার নিচে।
পার্পল ক্যাপের দৌড়ে এখনো শীর্ষে আছেন ভুবনেশ্বর কুমার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসারের ঝুলিতে রয়েছে ১৭ উইকেট।
সমান ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অনশুল কম্বোজ। চেন্নাই সুপার কিংসের এই বোলার দিল্লির বিপক্ষে উইকেটশূন্য থাকলেও ইকোনমি রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন।
শীর্ষ পাঁচের শেষ নাম জোফরা আর্চার। রাজস্থান রয়্যালসের এই গতিতারকার ঝুলিতে রয়েছে ১৫ উইকেট।
এমএমআর