ফেডারেশন কাপ
কিংস-ব্রাদার্স ফাইনালে ওঠার লড়াই, মোহামেডানের সামনে রহমতগঞ্জ
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসর ফেডারেশন কাপ গড়িয়েছে কোয়ালিফাইং পর্বে। ৬ মাস ধরে চলে আসা গ্রুপ পর্ব শেষে চারটি দল এখনো টিকে আছে শিরোপা লড়াইয়ে।
আবাহনী-ফর্টিসসহ ৬ দল বিদায় নিয়ে হয়ে গেছে দর্শক। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, দুই সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান ও ব্রাদার্স ছাড়াও টিকে আছে রহমতগঞ্জ। মঙ্গলবার দুই দলের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠা কিংস ও ব্রাদার্সের লড়াইয়ে যে জিতবে তাদের নিশ্চিত হয়ে যাবে ফাইনাল খেলা।
অন্য দিকে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে লড়াইয়ে পরাজিত দলেরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। হেরে গেলে গুডবাই বলতে হবে ফেডারেশন কাপের এবারের আসরকে।
কিংস ও ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের যেমন ভাগ্য ঝুলে থাকবে, তেমন থাকবে মোহামেডান-রহমতগঞ্জের বিজয়ী দলেরও। কিংস অ্যারেনার পরাজিত দলের বিপক্ষে কুমিল্লার বিজয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ১২ মে।
যে চার দল ফেডারেশন কাপে টিকে আছে তাদের মধ্যে সবচেয়ে সফল মোহামেডান। ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে সাদাকালোরা। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শিরোপা জিতেছে তিনবার।
তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ২০০৫ সালের পর আর ট্রফির মুখ দেখেনি। রহমতগঞ্জের সর্বোচ্চ সাফল্য রানার্সআপ হওয়া। ২০১৯-২০ ও ২০২১-২২ মৌসুমে ফাইনাল খেলেছিল পুরনো ঢাকার দলটি। এবার কোন পর্যন্ত যেতে পারবে, সেটাই দেখার।
আরআই/এমএমআর