দ্বিতীয় টেস্ট সিলেটের বদলে ঢাকায় নিয়ে আসার চিন্তা? যা জানালো বিসিবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ মে ২০২৬

সম্ভাবনা ছিল আগে থেকেই। তবে আজ মঙ্গলবার মূলত চা বিরতির পর থেকে শেরে বাংলায় পাকিস্তানিদের সাথে টেস্ট জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা। প্রথমে তাইজুল ও পরে তাসকিন দ্রুত সময়ে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছেন।

এরকম যখন অবস্থা, তখন শেরে বাংলার প্রেস বক্সে অন্য গুঞ্জন। সিলেট টেস্ট ঢাকায় স্থানান্তরিত হতে পারে।

সত্যিই সিলেট টেস্ট ঢাকায় চলে আসবে? কেন আসবে? জানা গেছে, সিলেটে বৃষ্টির জোর পূর্বাভাস আছে। তাই নাকি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটি সেখানে আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সত্যিই তাই? বিসিবি মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, সিলেটে ভেন্যু বদলের কোনই সম্ভাবনা নেই। আবহাওয়া নিয়ে উদ্বেগের কারণে মিডিয়া থেকে দ্বিতীয় টেস্টে ভেন্যু পরিবর্তনের কিছু প্রশ্ন পেয়েছে বিসিবি। তার আলোকেই এ বিজ্ঞপ্তি।

তারও আগে জাগো নিউজের পক্ষ থেকে বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কারণ কাজটা সহজ নয়। সিলেট থেকে ঢাকায় টেস্ট স্থানান্তর করতে হলে সবার আগে ঢাকার উইকেট নিশ্চিত করতে হবে। এক টেস্ট শেষ হওয়ার পর আরেক টেস্টের জন্য উইকেট তৈরি করা দুই-চারদিনের কাজ না।

দ্বিতীয় টেস্ট হবে সিলেটে, ঢাকার শেরে বাংলায় নয়; এটা জেনে, বুঝে ও ধরেই উইকেটের কোন পরিচর্যা ও কাজ করা হয়নি। সামনের ৩/৪ দিনে একটা নতুন টেস্ট উইকেট তৈরি মোটেই সহজ কাজ না। খুব কঠিন। কাজেই ঢাকায় টেস্ট স্থানান্তর সহজ নয়। সম্ভাবনা খুব কম।

তখনই বোঝা গিয়েছিল, ঢাকায় টেস্ট স্থানান্তরের সম্ভাবনা খুব কম। পরে বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার হয়েছে, দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটেই হবে। ঢাকায় না।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।