বিসিবির ভোটার তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ-হাবিবুল বাশাররা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। আজ রোববার ১৮৪ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত বছরের অক্টোবরে সবশেষে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ১৯১ জন কাউন্সিলর বা ভোটার ছিলেন। এবার সেটা কমে দাঁড়িয়েছে ১৮৪ জনে।
বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলো থেকে প্রতিনিধিত্ব করবেন ৬৬ জন কাউন্সিলর। এছাড়া ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি দুইয়ে ৭৬ জন এবং ক্যাটাগরি তিনে ৪২জন কাউন্সিলর রয়েছেন।
কাউন্সিলর হিসেবে ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধিত্ব করবেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ক্যাটাগরি এক থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। ক্যাটাগরি তিনে সংস্থা, প্রতিষ্ঠান বা সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে থাকছেন সানোয়ার হোসেন, নাফিস ইকবাল ও তালহা জুবায়েরের মতো সাবেক ক্রিকেটাররা। তাদের সাথে আছেন বিসিবির দুই বর্তমান নির্বাচক নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।
আর সাবেক অধিনায়ক হিসেবে ক্যাটাগরি তিনে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার ও মাহমুদউল্লাহ রিয়াদ। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে ১৯ মে।
এছাড়া চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে ১৯ মে। মনোনয়নপত্র বিতরণ হবে ২০ ও ২১ মে। আর মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। শুনানি ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে ২৫ মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।
এর মধ্যে জেলা ও বিভাগীয় কোটায় থাকবেন ১০ জন পরিচালক, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন।
এসকেডি/এআরবি