নিজের প্রতি তেমন কোনো প্রত্যাশা নেই নাহিদ রানার
সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ছন্দে আছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেও চতুর্থ ইনিংসে নিয়েছেন ফাইফার। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। তবে নিজেকে নিয়ে আলোচনা ও প্রত্যাশা এড়িয়ে পরিকল্পনা ও স্কিল এক্সিকিউশনের ওপরই সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন রানা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন রানা। সেখানেই তাকে ঘিরে আলোচনা বা প্রত্যাশার প্রশ্নে রানা বলেন, ‘আসলে প্রথমত আমি আশেপাশে কি কথা হচ্ছে এই জিনিসগুলো আর দেখি না। নিজের প্রতি প্রত্যাশা সেরকম নেই। কারণ এটা কখনো ভালো কিছু নিয়ে আসে না।’
বরং স্কিলে বেশি জোর দিচ্ছেন রানা, ‘আমি আমার স্কিল প্রয়োগ করার চেষ্টা করি। আমার টিম আমার কাছ থেকে কি চাচ্ছে এবং আমার ক্যাপ্টেন আমারে কি পরিকল্পনা দিচ্ছে সেগুলো আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটাতেই মনোযোগ দেই।’
রানা আরও স্পষ্ট করেন, বাইরের চাপ নয়, বরং দলের চাহিদা পূরণই তার প্রধান লক্ষ্য, ‘যখন নিজের প্রতি প্রত্যাশা রাখবো তখন ধরেন অতিরিক্ত চাপ হয়ে যাবে- এই জিনিসটা আমি নিজের প্রতি নিজে রাখি না।’
বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো হচ্ছে। উপভোগ করছি এবং চেষ্টা করতেছি যাতে দেশের হয়ে কিছু ভালো কিছু করতে পারি।’
এসকেডি/আইএইচএস