২০ বলে ফিফটি করে জয়ের নায়ক মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ এএম, ১৮ মে ২০১৯

সমীকরণটা তখন একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ২৪ বলে দরকার ছিল ৩৮ রান। কেমার রোচের করা ২১তম ওভারের দ্বিতীয় বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে অসাধারণ এক ছক্কা হাঁকালেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ধারাভাষ্য কক্ষ থেকে নির্দ্বিধায় বলে দেয়া হলো, এটিই ম্যাচের সেরা শট। তবে শুধু ম্যাচের সেরা শট খেলেই থামেননি মোসাদ্দেক, খেলেছেন ম্যাচের সেরা ইনিংসও। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। তার ২০ বলে ফিফটিতে ভর করেই ৭ বল হাতে রেখে ২১০ রানের বিশাল লক্ষ্য টপকে গেছে টাইগাররা।

অথচ নিজের প্রথম ৯ বলে মাত্র ৭ রান করেছিলেন মোসাদ্দেক। সেখান থেকে পরের ১১ বলে করেন আরও ৪৩ রান। সবচেয়ে বেশি ঝড়টা বইয়ে দেন বাঁহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের ওপর। তার করা ২২তম ওভারের প্রথম পাঁচ বলে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬, ৬, ৪, ৬ ও ২ রান।

সেই ওভারের শেষ বলে ১ রান নিয়ে ৬ বলে ২৫সহ নিজের ফিফটি পূরণ করেন মাত্র ২০ বলে। যা কি-না বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। হাফ সেঞ্চুরির পর খানিক দেখে খেলেছেন তিনি। তাই তো পরের ৪ বলে এসেছে ২ রান।

সব মিলিয়ে ২ চার ও ৫ ছয়ের মারে মাত্র ২৪ বলে ৫২ রান করে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের নায়ক নিঃসন্দেহে মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাকে যথাযথ সাপোর্ট দিয়েছেন সৌম্য সরকার (৪১ বলে ৬৬) এবং মুশফিকুর রহীম (২২ বলে ৩৩)।

এসএএস/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।