অবশেষে ফিফার স্বীকৃতি পেল আফগান নারী শরণার্থী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬

আফগান নারীদের ফুটবলের জন্য ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে আফগান নারী শরণার্থী দল ‘আফগান ওমেন ইউনাইটেড’।

মঙ্গলবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিফা তাদের নিয়ম সংশোধন করে শরণার্থী এই দলটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার বৈধতা দিয়েছে।

যদিও সময়সীমা পেরিয়ে যাওয়ায় দলটি ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ-এর বাছাইয়ে অংশ নিতে পারবে না, তবে তারা ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল বাছাইপর্বে খেলতে পারবে বলে আশা করা হচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেডের সুন্দর যাত্রা নিয়ে আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু তাদেরই নয়, বরং ফিফার এমন সব সদস্য দেশকেও সহায়তা করতে চাই, যারা কোনো কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাতীয় বা প্রতিনিধিত্বমূলক দল নিবন্ধন করতে পারছে না।’

এ স্বীকৃতি পেতে দীর্ঘদিন ধরেই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন আফগান নারী ফুটবলাররা। গত বছরের অক্টোবরেই প্রথম বড় অগ্রগতি আসে, যখন মরক্কোয় আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নেয় আফগান নারী শরণার্থী দল। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল চাদ, লিবিয়া ও তিউনিসিয়া।

এই স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আফগান নারী দলের সাবেক অধিনায়ক ও অধিকারকর্মী খালিদা পোপাল। খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনও বছরের পর বছর ধরে ফিফার কাছে আবেদন জানিয়ে আসছিল শরণার্থী নারী ফুটবল দলটিকে স্বীকৃতি দেওয়ার জন্য।

বর্তমানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন ৮০ জনেরও বেশি আফগান নারী শরণার্থী ফুটবলার। সম্প্রতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তাদের জন্য দুটি প্রশিক্ষণ ক্যাম্পও আয়োজন করা হয়।

দলের কোচ পওলিনে হামিল জানিয়েছেন, আগামী জুনের আন্তর্জাতিক উইন্ডোতে দলটি দুটি প্রীতি ম্যাচ খেলবে। যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি।

আফগান নারী ফুটবল দল সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল ২০১৮ সালে। এরপর ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফিরলে দেশটিতে নারীদের সব ধরনের খেলাধুলা কার্যত নিষিদ্ধ হয়ে যায়। নির্যাতন ও নিপীড়নের আশঙ্কায় অনেক নারী ফুটবলার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

তবে সংকটের শুরু শুধু তালেবান আমলেই নয়। তার আগেও আফগান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে নারী দলের খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। পরে ফিফা আজীবনের জন্য নিষিদ্ধ করে সাবেক ফেডারেশন সভাপতি কেরামুদ্দিন কেরামকে।

ফিফার নিয়ম অনুযায়ী বৈষম্য সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আফগান ফুটবল ফেডারেশন নারী দলকে স্বীকৃতি না দেওয়ার পরও এখনও আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হয়নি। আর সেই বাস্তবতার মধ্যেই শরণার্থী নারী ফুটবলারদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে ফিফার এই সিদ্ধান্ত।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।