গাজায় ফুটবল অবকাঠামো গড়তে বড় বিনিয়োগের ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় ফুটবল অবকাঠামো গড়তে ৭ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এই ঘোষণা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠকে। বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো উপস্থিত ছিলেন।

এই প্রকল্পটি ফিফা ও বোর্ড অব পিসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গাজায় ফুটবলভিত্তিক বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে।

প্রস্তাবিত বিনিয়োগের খাতসমূহের মধ্যে আছে ৫০টি মিনি পিচ (২.৫ মিলিয়ন ডলার), ৫টি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ (৫ মিলিয়ন ডলার), ফিফা একাডেমি (১৫ মিলিয়ন ডলার), ২০,০০০–২৫,০০০ আসনবিশিষ্ট জাতীয় স্টেডিয়াম (৫০ মিলিয়ন ডলার)।

বোর্ড অব পিসের বৈঠকে প্রদর্শিত একটি এআই-নির্মিত ভিডিওতে দেখা যায়, গাজার ধ্বংসস্তূপের মাঝ থেকে নতুন ফুটবল মাঠ ও অবকাঠামো গড়ে উঠছে। ভিডিওটির বর্ণনায় বলা হয়, ফুটবলকে শান্তি, মর্যাদা ও আশার সেতুবন্ধনে পরিণত করা হবে এবং গাজায় একটি সম্পূর্ণ ফুটবল ইকোসিস্টেম তৈরি করা হবে।

ফিফা জানিয়েছে, প্রথম ধাপে ৫০টি মিনি পিচ নির্মাণ করা হবে, যা ৩ থেকে ৬ মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০,০০০ আসনের স্টেডিয়াম নির্মাণে সময় লাগতে পারে ১৮ থেকে ৩৬ মাস। এই স্টেডিয়াম জাতীয় পরিচয়কে শক্তিশালী করবে এবং কমিউনিটির ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।

এছাড়াও যুব, অপেশাদার ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ফুটবল লিগ চালু করার পরিকল্পনা রয়েছে। জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, আমাদের সবারই এতে অবদান রাখতে হবে। ফিফা শুধু ঘর, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্নির্মাণ নয়—মানুষের আবেগ, আশা ও বিশ্বাস পুনর্গঠনে সহায়তা করতে চায়। ফুটবল সেই কাজটাই করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিফা বিশ্বের সেরা ফুটবল তারকাদের গাজায় নিয়ে আসবে, যাতে এই প্রকল্পকে সমর্থন ও অনুপ্রাণিত করা যায়।

উল্লেখ্য, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং ভঙ্গুর যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার লক্ষ্যে বোর্ড অব পিস গঠন করা হয়েছে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।