ইয়ামালের জাদুকরি গোল, রিয়ালের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধানই রাখলো বার্সা
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও প্রমাণ করলেন বড় ম্যাচের ফল নির্ধারণ করার ক্ষমতা তার আছে। তার দুর্দান্ত এক গোলেই শনিবার অ্যাথলেটিক ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাথলেটিক ক্লাব। একের পর এক আক্রমণে তারা বার্সেলোনাকে চাপে রাখলেও গোলের দেখা পায়নি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৬৮ মিনিটে। মিডফিল্ডার পেদ্রির পাস পেয়ে ডান দিক থেকে জায়গা তৈরি করেন ইয়ামাল। এরপর এক টাচে শট নেওয়ার জায়গা বানিয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বল পাঠান দূরের পোস্টে। পোস্ট ছুঁয়ে বল জালে ঢুকে গেলে এগিয়ে যায় বার্সেলোনা।
এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে কোচ হান্সি ফ্লিকের দল লা লিগার শীর্ষে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রইল। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭, রিয়ালের পয়েন্ট ৬৩।
১৮ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন। এই গোলের মাধ্যমে মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ১৯-এ। যা গত মৌসুমে তার মোট গোলসংখ্যার চেয়েও বেশি। সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে নিজের প্রথম লা লিগা হ্যাটট্রিকও করেন তিনি।
ম্যাচ শেষে পেদ্রি বলেন, ‘আমরা জানি লামিনে কী করতে পারে। সে বলটিকে এমন জায়গায় পাঠিয়েছে যেখানে গোলরক্ষকের পৌঁছানো সম্ভব ছিল না। তাকে শুধু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’
এই জয়টি বার্সেলোনার জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এর চার দিন আগে তারা অ্যাটরেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল।
এদিকে সামনে ইউরোপিয়ান প্রতিযোগিতাও রয়েছে। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাবে বার্সেলোনা। সেই ম্যাচের কথা মাথায় রেখে কোচ ফ্লিক এদিন কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত ইয়ামালের জাদুকরী গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা।
আইএইচএস/